৩১ দফার মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়তে পারব : আমিনুল
নিজস্ব প্রতিবেদন : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ‘১৫ বছর ধরে ক্ষমতাচ্যুত আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশের জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতার মসনদে আঁকড়ে বসেছিল।’
আজ রবিবার দুপুরে ঢাকার উত্তরার ১০ নম্বর সেক্টরের কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে তুরাগ থানা বিএনপির কর্মিসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাজা ভেঙে দিয়েছে। সে জন্যই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
সেই ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্র সংস্কার ও মেরামতের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার রূপরেখা দিয়েছেন। সেই রাষ্ট্র সংস্কারের ৩১ দফা আমাদের রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ৩১ দফার রূপরেখার মাধ্যমেই আমরা রাষ্ট্র সংস্কার ও মেরামত করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারব।’
তিনি বলেন, ‘পতিত আওয়ামী স্বৈরাচার সরকার ক্ষমতা ধরে রাখতে গত ১৭ বছরে বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করেছে।
২০১৮ সালে তারা রাতের অন্ধকারে ভোট করেছে। ২০২৪ সালে ভোটার শূন্য ডামি নির্বাচন করেছে।’
তিনি আরো বলেন, ‘আওয়ামী স্বৈরাচার সরকার বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা বাংলাদেশে শেয়ার বাজার কেলেংকারির মাধ্যমে সিন্ডিকেট করে শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে।
ব্যাংকগুলো ডাকাতি ও লুটপাট করে ধ্বংস করে ফেলেছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, ‘সংস্কারের মূল উদ্দেশ্য হলো জনগণের ভাগ্যের পরিবর্তন করা। বাংলাদেশে সংস্কারের জনক বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন-৩০-এর মাধ্যমে অনেক আগেই সংস্কারের ধারণা দিয়েছেন।’
তিনি বলেন, ‘জনগণের নির্বাচনে ভোটের মাধ্যমে যে দল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে সেই দলই রাষ্ট্রের সংস্কার করবে।
’
কর্মশালায় প্রধান বক্তার বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হাজী মোস্তফা জামান।
তুরাগ থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ খোকার সভাপতিত্বে থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
তুরাগ থানা বিএনপির নেতাকর্মীদের নিয়ে দুপুর ৩টায় পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করে দলীয় ও দেশাত্মবোধক গান গেয়ে কর্মশালা শুরু করা হয় এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বক্তব্যের পরে সভাটি সন্ধ্যায় শেষ হয়। ৩১ দফা নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আমিনুল হক।
সূত্র – কালের কন্ঠ
© All rights reserved © jawabazarerdak @Gadgetgallery IT Service
Leave a Reply